রাশিয়ায় বৈধতা পেলো ক্রিপ্টো মাইনিং

১১ আগষ্ট, ২০২৪ ২৩:১৮  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দিয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে দেশটিতে ক্রিপ্টোকারেন্সি মাইনিংসহ লেনদেন স্বীকৃতি পাচ্ছে। গত সপ্তাহে এ বিষয়ে একটি নথি অনলাইনে প্রকাশ করেছে দেশটির সরকার। খবর আরটি।

খবরে বলা হয়, নতুন আইন ডিজিটাল কারেন্সি মাইনিং, মাইনিং পুল ও মাইনিং ইনফ্রাস্ট্রাকচার অপারেটরসহ বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়েছে। সেখানে ক্রিপ্টো মাইনিং মার্কেটের অংশ নেয়া ব্যক্তিদের অধিকার ও দায়বদ্ধতাকে সংজ্ঞায়িত করা হয়েছে।

নতুন এ আইন অনুসারে, ক্রিপ্টোকারেন্সি মাইনিং এখন ডিজিটাল মুদ্রা ইস্যুর পরিবর্তে ব্যবসায়িক কাজে ব্যবহারে স্বীকৃতি পাবে।

শুধুমাত্র রাশিয়ান আইনি প্রতিষ্ঠান ও সরকারের নিবন্ধিত স্বতন্ত্র উদ্যোক্তারা ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে জড়িত হওয়ার অনুমতি পাবেন। সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকলে স্বতন্ত্র মাইনাররা নিবন্ধন ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন।

এ আইনের মাধ্যমে রুশ ব্লকচেইন প্লাটফর্মে বিদেশী ডিজিটাল আর্থিক সম্পদধারীরা ব্যবসার অনুমতি পাবেন। তবে দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে গণ্য হলে ব্যাংক অব রাশিয়া বিদেশী ডিজিটাল সম্পদ নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।

আইনটিতে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন ও অসংখ্য গ্রাহককে কেনার প্রস্তাবকে নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে। এছাড়া নির্দিষ্ট অঞ্চলে মাইনিং নিষিদ্ধের ব্যবস্থা রাখা হয়েছে।

ডিবিটেক/বিএমটি